
জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জাতির সামনে যে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে, তার পুরো কৃতিত্ব ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের। সে সময় তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল বলেই দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ উৎখাত হলেও এখনো ফ্যাসিবাদী আইন, রীতি ও সংস্কৃতির অবসান ঘটেনি। স্থায়ীভাবে ফ্যাসিবাদের বিলোপ নিশ্চিত করতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং সেই সনদের আইনিভিত্তি নিশ্চিত করতে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা না গেলে জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার ও জাতীয় নির্বাচন—সবকিছুই প্রশ্নের মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। চরমোনাই পীর বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করে আয়োজনের দাবি উপেক্ষা করার ফলে জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে অনেকটাই হারিয়ে গেছে, যা হতাশাজনক। তিনি দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী ও সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই সনদের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখতে এবং একই সঙ্গে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে জননিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নিতে।